|
আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন (এফআইভিবি)-এর অফিশিয়াল ওয়েবসাইট সূত্র থেকে জানা গেছে, গতকাল (শনিবার) ডোমিনিকান রিপাবলিকে অনুষ্ঠিত ৪০তম এফআইভিবি কংগ্রেসে, চীনা ভলিবলের কিংবদন্তি ব্যক্তিত্ব ল্যাং পিং এবং আন্তর্জাতিক ভলিবল অঙ্গনের আরও চারজন বিশিষ্ট ব্যক্তিকে এফআইভিবি-র সর্বোচ্চ সম্মান—‘গ্র্যান্ড ক্রস অফ দ্য ভলিবল অর্ডার’ প্রদান করা হয়। ⠀ এফআইভিবি তাদের পুরস্কারের প্রশংসাপত্রে উল্লেখ করেছে যে, ল্যাং পিং একজন ‘বিশ্বব্যাপী ভলিবল আইকন’, খেলোয়াড় ও কোচ হিসেবে তাঁর অর্জন কয়েক প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। ‘লোহার হাতুড়ি’ নামে পরিচিত ল্যাং পিং ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে চীনা নারী ভলিবল দলকে স্বর্ণপদক জিততে সাহায্য করেন এবং পরবর্তীতে ২০১৬ সালের রিও অলিম্পিকে প্রধান কোচ হিসেবে দলকে বিজয়ী করেন। তিনি ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে মার্কিন নারী ভলিবল দলকে রৌপ্যপদক জেতান। ল্যাং পিং ২০০২ সালে এফআইভিবি ভলিবল হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন এবং ২০২৫ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কোচদের জন্য আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন। ⠀ পুরস্কার গ্রহণকালে দেওয়া ভাষণে ল্যাং পিং বলেন, "আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং ‘ভলিবল অর্ডার’ প্রদান করার জন্য এফআইভিবি-কে ধন্যবাদ। সত্যি বলতে, আজ এখানে দাঁড়িয়ে আমার নিজেকে একা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে, আমার কোচ, সতীর্থ, আমার প্রশিক্ষণে থাকা খেলোয়াড় এবং বছরের পর বছর ধরে যাদের সঙ্গে আমি কাজ করেছি, তারা সবাই আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে আছেন।" ⠀ তিনি আরও বলেন, "আমার পরিবার, বন্ধু এবং সকল ভক্ত, যারা এই যাত্রাপথে আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে আনন্দ করেছেন, আমার কঠিনতম সময়ে পাশে থেকেছেন এবং আমাকে শক্তি জুগিয়েছেন।" ⠀ ল্যাং পিং-এর পাশাপাশি এই সম্মাননা লাভ করেন আমেরিকান ভলিবল কিংবদন্তি ডাগ বিল, অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রেইগ কারাচার, কিউবান নারী ভলিবলের `গোল্ডেন জেনারেশন` তারকা মিরেহা লুইস এবং সুইস কিংবদন্তি রুডি কুঞ্জ। ⠀ সূত্র: লিলি-তৌহিদ-আনন্দী, চায়না মিডিয়া গ্রুপ
|