আন্তর্জাতিক: বৃহস্পতিবার, ২১ আগস্ট কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা এবং ন্যায়বিচার ও সাম্যের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য পূর্ব তিমুরের ভূয়সী প্রশংসা করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী তোং চুন।
সম্প্রতি পূর্ব তিমুরের রাজধানী দিলিতে দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তার সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা বলেন।
বৈঠকে চীনের প্রতিরক্ষামন্ত্রী জানান, পূর্ব তিমুরের জাতীয় প্রতিরক্ষা ও সামরিক খাতের উন্নয়নকে চীন দৃঢ়ভাবে সমর্থন করে। দেশটির সঙ্গে মিলে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বেইজিং প্রস্তুত রয়েছে।
স্বাধীনতার পর থেকে পূর্ব তিমুরের দীর্ঘদিনের পাশে থাকা এবং বিভিন্ন সহায়তার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা। ভবিষ্যতে দুই দেশের সামরিক বাহিনী আরও নিবিড়ভাবে বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রামোস-হোর্তা স্পষ্ট জানিয়ে দেন, পূর্ব তিমুর দৃঢ়ভাবে ‘এক-চীন নীতি’ অনুসরণ করে। এছাড়া দক্ষিণ চীন সাগরে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতার সুবাতাস বইয়ে দিতে চীনসহ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে তার দেশ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: শুভ-জেনিফার,সিসিটিভি।