আন্তর্জাতিক: চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিং মঙ্গলবার বেইজিংয়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিসির খানালের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে উভয় দেশের সম্পর্ক, রাজনৈতিক আস্থা এবং বাস্তবমুখী সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
চীনের রাজনৈতিক ব্যুরো স্থায়ী কমিটির সদস্য এবং সিসিপিপিসিসি জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং বলেন, নেপালের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা, রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং বাস্তব সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী চীন।
তিনি আরও বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের কৌশলগত নির্দেশনায় চীন-নেপাল সম্পর্ককে আরও এগিয়ে নিতে আগ্রহী চীন, যাতে উভয় দেশের জনগণই এর সুফল ভোগ করতে পারে।
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিসির খানাল বলেন, নেপাল-চীন বন্ধুত্ব পঞ্চশীল নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। নেপাল দৃঢ়ভাবে ‘এক চীন নীতি’ অনুসরণ করে এবং নেপালের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের চীনবিরোধী কার্যক্রম পরিচালনার অনুমতি দেবে না।
তিনি আরও বলেন, নেপাল চীনের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ এবং উন্নয়ন ও সমৃদ্ধির ফল ভাগ করে নিতে আগ্রহী।
তথ্য ও ছবি: সিনহুয়া।