বগুড়ার দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকারী। বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তিশিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৩০) নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। আহত হৃদয় বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে নোয়াখালীগামী একটি আমবোঝাই ট্রাক এবং বগুড়া থেকে নওগাঁগামী একটি বালুবাহী ট্রাক তিশিগাড়ী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমবোঝাই ট্রাকের চালক আনোয়ার হোসেন নিহত হন। গুরুতর আহত হন তার সহকারী হৃদয়।
স্থানীয়রা আহত হৃদয়কে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করেছে পুলিশ। তবে বালুবাহী ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।