আন্তর্জাতিক ডেস্ক : ইরান বলছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি হামলা বন্ধ করার দায়িত্ব উপসাগরীয় দেশগুলোর। তেহরান ও ওয়াশিংটনের পাল্টাপাল্টি আক্রমণের প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা প্রতিরোধ করার জন্য উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর একটি ‘আইনি ও নৈতিক দায়িত্ব’ রয়েছে।
এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘এই অঞ্চলের সব দেশের (বিশেষ করে পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলবর্তী দেশগুলোর) আইনি ও নৈতিক দায়িত্ব পুনর্ব্যক্ত করেছে। মার্কিন সামরিক বাহিনী এবং ইসরায়েলকে তাদের ভূখণ্ড বা স্থাপনা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে বৈরী কর্মকাণ্ডের পরিকল্পনা, আয়োজন, বাস্তবায়ন বা সমর্থন করা থেকে বিরত রাখার আহ্বান জানানো হয়েছে।
এদিকে হরমুজ প্রণালির বন্দর ও দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে বাহরাইনের পাশাপাশি জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।
আইরজিসি জানায়, তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা এবং জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
কুয়েতও জানিয়েছে, দেশটিও হামলার মুখে পড়েছে। কুয়েতের কর্তৃপক্ষের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের আকাশপথে আসা লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করেছে।
মধ্যপ্রাচ্যে নতুন করে এই উত্তেজনা এমন এক সময়ে দেখা দিল, যখন মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।