আন্তর্জাতিক: চীন ও লাওসের বন্ধুত্ব আরও গভীরের প্রত্যাশা ব্যক্ত করেছেন লাওসের প্রেসিডেন্ট ও লাও পিপলস রেভল্যুশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক থংলুন সিসৌলিথ। চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি’কে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, রাষ্ট্রীয় ও দলীয় উভয় পর্যায়েই দু’দেশের সহযোগিতা আরও বিস্তৃত হবে।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে মঙ্গলবার পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌয়ে পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে পৌঁছান থংলুন। সফরের দ্বিতীয় দিনে তিনি দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
থংলুন বলেন, চলতি বছর চীন-লাওস কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫ বছর পূর্তি এবং চীন-লাওস বন্ধুত্ব বর্ষ। লাও গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই দু’দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে আরও দৃঢ় হয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীরে পৌঁছাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
দীর্ঘদিনের প্রতিবেশী ও বন্ধুসুলভ সম্পর্কের উদাহরণ টেনে তিনি ১৯৬০-এর দশকে যুদ্ধবিধ্বস্ত লাওসকে চীনের সহায়তার কথা স্মরণ করেন। সে সময় চীনের কুয়াংসি অঞ্চলের নাননিং শহরে প্রতিষ্ঠিত ‘৬৭ স্কুলে’ ৫০০-র বেশি লাও শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন থংলুন নিজেও।
তথ্য ও ছবি: সিসিটিভি