প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, সরকার দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বৈদেশিক শ্রমবাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ার ফলে এখন আর অদক্ষ কর্মী পাঠিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এজন্য সরকার দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে।
শনিবার (৯ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে ১০৪টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রয়েছে, যেখানে ৫৮টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে সব কেন্দ্রে সমান সুযোগ-সুবিধা নেই। কোথাও অবকাঠামো ঘাটতি, আবার কোথাও প্রশিক্ষণার্থীর অভাব রয়েছে। যেখানে চাহিদা আছে, সেখানে প্রশিক্ষণ সুবিধা আরও উন্নত করা হবে। দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে আন্তর্জাতিক শ্রমবাজারে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে এবং প্রবাসী আয়ের পরিমাণ বাড়বে।
তিনি জানান, দেশে ছয়টি মেরিন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং আরও ৪০টি কেন্দ্র চালুর প্রক্রিয়ায় আছে। নতুন করে আরও কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের বর্তমান পরিস্থিতি
বিবেচনায় নতুন শ্রমবাজার খোঁজার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রবাসী কর্মীদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।