কামরুল হাসান : উত্তরাঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও রপ্তানি সম্ভাবনাকে কেন্দ্র করে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। আন্তর্জাতিক মানের বিমানবন্দর, অত্যাধুনিক পাইলট ট্রেনিং সেন্টার এবং কার্গো ফ্যাসিলিটি নির্মাণের মধ্য দিয়ে বগুড়াকে দেশের বিমান খাতের নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান তিনি।
বৃহস্পতিবার (০৭ মে) সকালে বগুড়া বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এদিন তার নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে বগুড়া বিমানবন্দর এলাকা সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় উত্তরাঞ্চলের সম্ভাবনাময় এই অঞ্চলকে কেন্দ্র করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে। বগুড়াবাসী সত্যিই ভাগ্যবান, কারণ মন্ত্রণালয়ের এই বৃহৎ পরিকল্পনার যাত্রা এখান থেকেই শুরু হচ্ছে।”
মন্ত্রী জানান, পরিকল্পনার আওতায় বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পাশাপাশি ১০ হাজার ৫০০ ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণ করা হবে, যাতে দেশীয় ও আন্তর্জাতিক উড়োজাহাজ সহজে অবতরণ করতে পারে। একইসঙ্গে গড়ে তোলা হবে আধুনিক কার্গো ফ্যাসিলিটি, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য, শিল্পপণ্য ও রপ্তানি বাণিজ্যে নতুন গতি সঞ্চার করবে।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরেই যোগাযোগ ও শিল্পায়নের ক্ষেত্রে সম্ভাবনাময় অঞ্চল হিসেবে বিবেচিত হলেও আধুনিক এভিয়েশন অবকাঠামোর অভাবে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। সরকারের নতুন এই উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়া শুধু আঞ্চলিক যোগাযোগের কেন্দ্রই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও এভিয়েশন খাতেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করবে।
সরকারি সূত্রে জানা গেছে, বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে এখানে পাইলট ট্রেনিং একাডেমি স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে দেশে দক্ষ পাইলট ও এভিয়েশন জনবল তৈরির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি কার্গো সুবিধা চালু হলে উত্তরাঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি ও রপ্তানি খাতও বড় ধরনের সুবিধা পাবে।
বিমানমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের এ প্রতিনিধিদল বগুড়া বিমানবন্দরে পৌঁছালে
তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান বগুড়া জেলা বিএনপি।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি,
বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন এমপি এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তায়্যব জাকির,বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার (এনডিসি)সহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবং দলীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।