ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) কেন্দ্রটির উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে অনুষ্ঠানে আমন্ত্রিত সংসদ সদস্যরা উপস্থিত হওয়ার আগেই কার্যক্রম শুরু হওয়ায় সভাস্থলে হট্টগোলের সৃষ্টি হয়।
জানা গেছে, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল অনুষ্ঠানে পৌঁছানোর আগেই মূল কার্যক্রম শুরু হয়। এ নিয়ে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে হট্টগোল শুরু হলে অনুষ্ঠানস্থলে উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, “এখানে আমরা রাজনীতি করতে আসিনি। জনগণের প্রতিনিধিরা যদি এ ধরনের আচরণ করেন, তাহলে জনগণ কী শিখবে? আমি এখানে সরকারের প্রতিনিধি হিসেবে এসেছি। এ ধরনের আচরণ দুঃখজনক।”
তিনি আরও বলেন, “আমরা যদি মন পরিষ্কার করে একসঙ্গে কাজ না করি, তাহলে আপনারাই বলে দেন আমি আর ফরিদপুরে আসব না। গত ২০ বছর ধরে এ ধরনের রাজনীতি দেখে আসছি। এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে।”
পরে উপজেলা পরিষদের হলরুমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে স্নাতক পর্যায় পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করা হয়েছে, যা নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের এবং কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন করছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুজনদের জন্য ভাতার ব্যবস্থাও করা হয়েছে। বর্তমান সরকার মানুষের জীবনমান ও জানমালের উন্নয়নে বিশ্বাসী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
নাজিম বকাউল , ফরিদপুর
৭/৫/২৬