বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
উদ্ভাবন, বাজার সম্প্রসারণ ও উন্মুক্তকরণে নতুন সম্ভাবনা দেখছে বিদেশি বিনিয়োগকারীরা
  Date : 22-09-2026
Share Button

আন্তর্জাতিক : চীন আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলার (সিআইএফটিআইএস) মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ ও বাজার উন্মুক্তকরণের ক্ষেত্রে নতুন সুযোগ কাজে লাগাচ্ছেন। গত শুক্রবার এ বছরের চীন আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলা শেষ হয়েছে। এবারের মেলায় বিশ্বের ৫০০ শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে ৪০০টিরও বেশি এবং বিভিন্ন শিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এ বছরের মেলায় প্রথমবারের মতো ‘চায়না সার্ভিস’ কেস প্রদর্শনী এলাকা চালু করা হয়। সেখানে প্রদর্শিত কেসগুলোর প্রায় ৪০ শতাংশে কৃত্রিম বুদ্ধিমত্তা, বড় মডেল ও বুদ্ধিমান এজেন্টকে মূল প্রযুক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ফলে চীনে গবেষণা ও উন্নয়নকেন্দ্র স্থাপন এবং দেশটির শক্তিশালী উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগানো বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর কাছে গুরুত্বপূর্ণ বিনিয়োগের সিদ্ধান্ত হয়ে উঠেছে।

ইলি লিলির গ্লোবাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াং লি বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে চীনের উদ্ভাবনী সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইলি চীনকে বৈশ্বিক উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করে। আগামী ১০ বছরে চীনে ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।

জনসন মেডটেক চায়না সার্জিক্যাল ডিভিশনের জেনারেল ম্যানেজার ওলিউয়েন বলেন, সম্প্রতি তারা সুচৌ উৎপাদনকেন্দ্রের ২০তম বার্ষিকী উদযাপন করেছেন। একইসঙ্গে উৎপাদন সক্ষমতা সম্প্রসারণ এবং নতুন উৎপাদন লাইন যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে চীনের উদ্ভাবনী বাস্তুতন্ত্র ও সক্ষমতা উন্নয়নে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে বলে জানান তিনি।

জি’ই হেলথকেয়ার গ্রেটার চায়না মার্কেট অ্যাক্সেসের ভাইস প্রেসিডেন্ট থিয়ান চিয়াং বলেন, সম্প্রতি থিয়ানজিনে পূর্ব গোলার্ধের এমআরআই গ্লোবাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। চীনা বাজারের দীর্ঘমেয়াদি উন্নয়নের বিষয়ে তারা পূর্ণ আস্থাশীল বলেও জানান তিনি।

এ বছরের সিআইএফটিআইএসের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, প্রথমবারের মতো বিদেশে সম্প্রসারণ সেবা প্রচার ও রোডশো এলাকা তৈরি করা। এর মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং বিদেশি অংশীদারদের সঙ্গে সহযোগিতার সুযোগ তুলে ধরা হয়েছে।

আর্নস্ট অ্যান্ড ইয়াং গ্রেটার চায়নার টেকসই উন্নয়ন বিভাগের পার্টনার লি জিং বলেন, বিদেশে সম্প্রসারণে প্রতিষ্ঠানগুলোকে সেবা দেওয়ার সময় তারা দেখেছেন, চীনা উদ্যোগগুলো পণ্য রপ্তানি ও পুঁজি রপ্তানি থেকে সক্ষমতা রপ্তানি এবং বাস্তুতন্ত্র রপ্তানির দিকে এগিয়ে যাচ্ছে।

এ বছর ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’র সূচনা বছর। পরিকল্পনায় সেবা খাতকে কেন্দ্র করে বাজারে প্রবেশাধিকার ও উন্মুক্ততার ক্ষেত্র সম্প্রসারণের প্রস্তাব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এ উদ্যোগ বিদেশি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ও সাহস জুগিয়েছে।

কেপিএমজি চায়না উত্তরাঞ্চল মার্কেটিং বিভাগের কর্মকর্তা জাং শিনহুয়া বলেন, মূল্য সংযোজিত টেলিযোগাযোগ ও চিকিৎসাসহ বিভিন্ন খাতের উন্মুক্তকরণ সম্প্রসারণের পাইলট প্রকল্পে পরিণত হয়েছে। ভবিষ্যতে আরও বেশি শিল্প বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত হবে এবং চীনে তাদের উন্নয়নের জন্য নতুন সুযোগ ও ক্ষেত্র তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অস্ট্রেলিয়ার চীনস্থ দূতাবাসের বাণিজ্যিক মিনিস্টার ডেভিড ম্যাককিনন বলেন, অস্ট্রেলীয় প্রতিষ্ঠানগুলো নতুন পণ্য ও নতুন সুযোগ নিয়ে এসেছে। চীনা উদ্যোগগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে এসব পণ্য ও সেবা সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতাও অন্তর্ভুক্ত রয়েছে।

নরওয়ের চীনস্থ দূতাবাসের কাউন্সেলর হেনিং বলেন, চীনের সেবা বাণিজ্য আরও বৃদ্ধি পাবে এবং নরওয়েজীয় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগও ক্রমশ বাড়বে। ইতোমধ্যে বেশ কয়েকটি নরওয়েজীয় প্রতিষ্ঠান চীনা অংশীদারদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। নরওয়ে যে প্রযুক্তি ও সেবা দিতে পারে, তা চীনা বাজারের সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: জিনিয়া, তৌহিদ, তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
চীন-মার্কিন সম্পর্ক আরও স্থিতিশীল ও টেকসই হওয়ার প্রত্যাশা আন্তর্জাতিক মহলের
চীন-মার্কিন সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধার পক্ষে বিশ্ববাসী: সিজিটিএন জরিপ
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা চীনের জন্য একটি চলমান চ্যালেঞ্জ
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা: যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com