আন্তর্জাতিক: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো, গত (সোমবার) বেইজিংয়ে, এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন।
বৈঠকে সি বলেন, দু’দেশ হলো পারস্পরিক আস্থা ও সমর্থনের সত্য বন্ধু, অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির ভালো অংশীদার, এবং পরস্পরের সার্বক্ষণিক ও সার্বিক কৌশলগত অংশীদার। দু’দেশের পারস্পরিক রাজনৈতিক আস্থা দৃঢ় এবং যৌথভাবে উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ বাস্তবায়নের কাজও ফলপ্রসূ।
সি আরও বলেন, দু’দেশের কৌশলগত যোগাযোগ বজায় রাখতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উচ্চমানে সামনে এগিয়ে নিতে হবে, যাতে উভয় দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ সৃষ্টি করা যায়। চীন বেলারুশের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখন্ডের অখণ্ডতাকে সমর্থন করে।
সি চিন পিং বলেন, চীন বেলারুশের উন্নয়নে সহায়তা অব্যাহত রাখতে ইচ্ছুক। দু’দেশের যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ বাস্তবায়নকাজ ত্বরান্বিত করতে হবে। চীন বেলারুশের সাথে যৌথভাবে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলা ও চারটি বিশ্ব প্রস্তাব বাস্তবায়নকাজ জোরদার করতে এবং জাতিসংঘ ও শাংহাই সহযোগিতা সংস্থাসহ বিভিন্ন বহুপক্ষীয় ব্যবস্থার আওতায় যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
জবাবে লুকাশেঙ্কো বলেন, বেলারুশ চীনের সাথে সম্পর্কের ওপর যথেষ্ট গুরুত্ব দেয়। তিনি চীনের সাথে কৌশলগত যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে চান। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত চারটি বিশ্ব প্রস্তাব, বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বেলারুশ চীনের সাথে আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুগুলোয় ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখতে ইচ্ছুক, যাতে যৌথভাবে বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা ত্বরান্বিত করা যায়।
সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।