কামরুল হাসান : উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে হৃদয় ও বিবেক দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। তিনি বলেন, ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে সততা, মানবিকতা এবং দায়িত্ববোধের সমন্বয় ঘটিয়ে কর্মসম্পাদন করা গেলে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকে না।
শনিবার (১৩ জুন) রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বইমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়া স্মৃতি পাঠাগার, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জেলা জিয়া পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমানমন্ত্রী বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের মূল শক্তি ছিল দেশপ্রেম, আত্মনির্ভরতা ও জনগণের কল্যাণে নিবেদিত নেতৃত্ব। আমরা যদি হৃদয় ও বিবেককে কাজে লাগিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করি এবং আত্মনিয়োগের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সচেষ্ট হই, তাহলে ভুল সিদ্ধান্ত গ্রহণের সুযোগ খুবই সীমিত হয়ে আসে।”
তিনি আরও বলেন, দেশের চলমান উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে দায়িত্বশীল নাগরিক হিসেবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ডা. মোহাম্মদ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. রকিবুস সালেহীন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রচিন্তা, শিক্ষা বিস্তার এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকো, সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নু এবং হুরন নাহার রশীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
পাশাপাশি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে মন্ত্রী পরিবেশের ভারসাম্য রক্ষায় একাডেমি প্রাঙ্গনে নিমগাছের চারা রোপন করেন।