কামরুল হাসান : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দিষ্ট কোনো দলের প্রতি আনুগত্য নয়, বরং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
রবিবার (১৪ জুন) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আগের যেকোনো সময়ের তুলনায় আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হতে হবে।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।
শিশুদের সুস্থ বিকাশ ও বিনোদনের স্বার্থে জেলার খেলার মাঠগুলো সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের প্রতি নির্দেশনা দেন মন্ত্রী। তিনি বলেন, শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করা গেলে তারা মাদক ও নানা সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে।
বক্তব্যে আফরোজা খানম রিতা এমপি উল্লেখ করেন, সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থনের কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, "কোনো দলের জন্য নয়, বরং দেশের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণই হতে হবে আমাদের সবার প্রধান লক্ষ্য।"
সভায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।