কামরুল হাসান : বিভেদ ভুলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানিকগঞ্জকে একটি উন্নত জেলায় রূপান্তর এবং দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, এমপি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ইতোমধ্যে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।
আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এমন পরিস্থিতি যেন তৈরি না হয় যেখানে অসহায় মানুষ ন্যায্য আইনি সহায়তা থেকে বঞ্চিত হন। এজন্য আইন পেশাজীবীদের আরও মানবিক, আন্তরিক ও জনবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “বিভেদ ও দ্বন্দ্ব নয়—ঐক্যই পারে মানিকগঞ্জকে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দিতে। কে ভোট দিয়েছেন বা দেননি, সেটি বড় বিষয় নয়; আমি সকল মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।”
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, এমন একটি বিচারবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে যেখানে সাধারণ মানুষ বিচারক ও আইনজীবীদের নিজেদের আস্থার সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে বিবেচনা করবেন।
জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসানএর সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান এবং পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আ.ফ.ম নুরতাজ আলম বাহার পিপি, সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম কিবরিয়া সাঈদ, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং দলীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী মানিকগঞ্জ স্বাধীনতা চত্বর পরিদর্শন করেন এবং পরে জেলা পরিষদের ডাকবাংলোর ছয় তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা আধুনিক উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এর পরে
মন্ত্রী সাটুরিয়া উপজেলার বরাঈদ এলাকায় ধলেশ্বরী নদীর ভাঙ্গন কবলিত অঞ্চলের প্রতিষ্ঠান এবং স্থাপনা রক্ষাকল্পে নদীর বামতীরে প্রাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন করেন।