আন্তর্জাতিক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহর এবং পূর্ব চীনের আনহুই প্রদেশের হ্যফেই শহরের মধ্যে চীনের দেশীয়ভাবে উৎপাদিত সি৯১৯ যাত্রীবাহী জেট পরিচালিত একটি রাউন্ড-ট্রিপ রুট রোববার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এর মাধ্যমে চীনের ২৩তম শহর হিসেবে সি৯১৯-কে পরিষেবায় স্বাগত জানাল হ্যফেই।
১৪৪ জন যাত্রী বহনকারী প্রথম ফ্লাইট সিজেড ৩৮১৩ হ্যফেই সিনছিয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মর্যাদাপূর্ণ বিমান চলাচল ঐতিহ্য ‘ওয়াটার স্যালুট’-এর মধ্য দিয়ে বরণ করা হয়।
দেশের বৃহত্তম বিমান সংস্থা চায়না সাউদার্ন এয়ারলাইন্স মে মাসের পর্যটনের ভরা মৌসুমকে সামনে রেখে এই রুটে প্রতি সপ্তাহে পাঁচটি পর্যন্ত রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালনায় তাদের সি৯১৯ বিমান ব্যবহার করবে।
বর্তমানে সংস্থাটি ১০টি সি৯১৯ বিমান পরিচালনা করছে। সোমবার পর্যন্ত তাদের সি৯১৯ বিমানবহর ৯ হাজার ৫০০-এর বেশি ফ্লাইট সম্পন্ন করেছে এবং ২৩টি গন্তব্যে ১৩ লাখেরও বেশি যাত্রী পরিবহন করেছে।
সি৯১৯-এর পরিষেবা নেটওয়ার্ক ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। এই নেটওয়ার্ক দক্ষতার সঙ্গে কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়াকে ইয়াংজি নদী ডেল্টা শহরপুঞ্জের সঙ্গে সংযুক্ত করছে, যা চীনের আঞ্চলিক সংযোগ ও বেসামরিক বিমান চলাচলে নতুন গতি সঞ্চার করছে।
তথ্য ও ছবি: সিসিটিভি।