তাজরিন আক্তার মুন্নি, (হরিরামপুর) মানিকগঞ্জ প্রতিনিধি : বেসামরিক বিমান ও পযর্টন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন “ কঠিন না হলে মাদক বেড়ে যাবে। মুখে মুখে শুধু মাদক দূর করার কথা বললেই হবে না। তার শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনগত শাস্তি যদি না থাকে, মানুষ কিন্তু ভয় পায় না।
মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন-“আমার কাছে অনেক অসহায় মানুষ এসে বলে , সাহায্য পাচ্ছি না।একজন জানালেন-বিপক্ষের আইনজীবীই তার জমি দখল করেছে। তখন দেখা যায় অন্য আইনজীবীরা সহকর্মীকে রক্ষা করতে গিয়ে অসহায় মানুষটির পাশে দাঁড়াচ্ছে না।
তিনি বলেন-“ফলো ফ্লিন” বাদ দিয়ে চেষ্টা করুন অসহায় মানুষের পাশে থাকার। আপনারা কিন্তু মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন।
আফরোজা খানম রিতা আরও বলেন- কোন নির্দোষ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়টি সবাইকে খেয়াল রাখতে হবে। জেলায় অনেক কিছুই হচ্ছে। মিথ্যা মামলাও হচ্ছে। যেদিন আমার এলাকার মানুষ বলবে আপা আর চিন্তা নেই, সমস্ত আইনজীবী ও বিচারকরা আমাদের পাশে আছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই কথা যেদিন শুনবো-সেদিন মনে করবো আমার জনপ্রতিনিধি হওয়া স্বার্থক হয়েছে।
মানিকগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এসকে. এম. তোফায়েল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াংকা এবং পাবলিক প্রসিকিউটর নুরতাজ আলম বাহার প্রমূখ।
এর আগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালীতে অংশ নেন মন্ত্রী। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।