এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠক উপলক্ষে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) উদ্যোগে শেনচেন শহরে ‘সিএমজি মিডিয়া গালা’ অনুষ্ঠিত হয়েছে। (সোমবার) আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের ৬২টি দেশের গণমাধ্যমের ৬৯ জন প্রতিনিধি এবং চীনের গণমাধ্যম, শিল্পপ্রতিষ্ঠান ও শিল্পকলা অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন। তারা বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন এবং গণমাধ্যমের সহযোগিতা নিয়ে গভীর সংলাপে অংশগ্রহণ করেন।
সিএমজির উপমহাপরিচালক ছি জু ছুয়ান অভিনন্দনবার্তায় বলেন, এবারের ‘সিএমজি মিডিয়া গালা’ আয়োজন চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠনের প্রস্তাব বাস্তবায়নের একটি পদক্ষেপ। এর মাধ্যমে এ অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করা সম্ভব।
তিনি বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতার বিষয়ে ঐকমত্যকে আরও ব্যাপক ও সর্বজনীন করে তোলা সিএমজির গুরুত্বপূর্ণ দায়িত্ব। এপেকের সদস্য অর্থনীতিগুলোর গণমাধ্যমের উচিত অভিন্ন কণ্ঠে প্রচারের জন্য একসঙ্গে কাজ করা, উদ্ভাবন ও উন্নয়নের প্রাণবন্ত চিত্র তুলে ধরা এবং বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক বিনিময় জোরদার করা। এর মাধ্যমে বিশ্ব চীনের উন্নয়নের প্রাণশক্তি অনুভব করতে পারবে, চীনের উন্মুক্তকরণের সুযোগ-সুবিধা কাজে লাগাতে পারবে এবং এপেকের অভিন্ন সমৃদ্ধি অর্জনে নিজ নিজ অবদান রাখতে পারবে।
গণমাধ্যমের সংলাপ থেকে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন, শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতা থেকে সাংস্কৃতিক বিনিময়—বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ‘সিএমজি মিডিয়া গালা’ আন্তর্জাতিক সহযোগিতার একটি বহুমুখী প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। এটি এপেকের সদস্য দেশগুলোর গণমাধ্যম ও বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ, মতবিনিময় ও সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করেছে।
সূত্র: সুবর্ণা-ফয়সল-রুবি, চায়না মিডিয়া গ্রুপ