জাতিসংঘের লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অর্থনৈতিক কমিশনের (ইসিএলএসি) নির্বাহী সচিব সালাজার-সিরিনাচিস ১১ নভেম্বর বলেন, শিল্প ও প্রযুক্তিতে চীনের সঙ্গে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষের মধ্যে সহযোগিতা গভীরতর হলে তা এই অঞ্চলের উৎপাদনশীলতা ও শিল্প উন্নয়নে সহায়ক হবে বলে মনে করেন তিনি।
১১ নভেম্বর (বুধবার) ইসিএলএসি চিলির সান্তিয়াগোতে ‘লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ানের জন্য উৎপাদন উন্নয়ন নীতি পূর্বাভাস ২০২৬’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে। প্রতিবেদনটির প্রকাশনা সম্মেলনে সালাজার-সিরিনাচিস এ কথা বলেন।
তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে বাণিজ্য, বিনিয়োগ, অর্থায়ন এবং অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতার ক্রমাগত সম্প্রসারণ ঘটেছে। আশা করা হচ্ছে, উভয় পক্ষ কৃষি, শিল্প, খনি, উৎপাদন, বৈদ্যুতিক পরিবহন, কৌশলগত খনিজ প্রক্রিয়াকরণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা আরও গভীর করবে।
তিনি বলেন, চীন কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত উৎপাদন এবং উৎপাদন স্বয়ংক্রিয়করণের মাধ্যমে শিল্প আধুনিকীকরণ ত্বরান্বিত করছে, এবং ক্ষুদ্র ও মাঝারি কোম্পানির জন্য ডিজিটাল পাইলট প্রোগ্রাম বাস্তবায়ন করছে। এসব অভিজ্ঞতা লাতিন আমেরিকার জন্য উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নতুন শিল্প সক্ষমতা গড়ে তোলার সুযোগ তৈরি করে।
সূত্র: তুহিনা-তৌহিদ-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ