নবম প্যারিস শান্তি ফোরাম ১০ ও ১১ নভেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়। এবারের ফোরামের প্রতিপাদ্য ‘সার্বভৌমত্ব থেকে সহযোগিতা’। ফোরামে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বিভিন্ন দেশ কীভাবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে তা নিয়ে আলোচনা হয়।
ফোরামে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানান, সার্বভৌম সমতা জাতিসংঘ সনদের মূল নীতিগুলোর একটি, আর সহযোগিতা হলো নিজেদের সার্বভৌমত্ব আরও ভালোভাবে রক্ষার একটি গুরুত্বপূর্ণ উপায়। তিনি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি বহুমেরুর বিশ্ব গঠনের আহ্বান জানান।
এবারের ফোরামে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সহযোগিতার দিকেও বিশেষ মনোযোগ দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, গ্লোবাল সাউথ দেশগুলো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহকারী হিসেবে রয়েছে, কিন্তু আন্তর্জাতিক সম্পদ সহযোগিতায় তাদের বক্তব্যের অধিকার ও স্বার্থ সুরক্ষা আরও জোরদার করা প্রয়োজন। আরও উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক সহযোগিতা ব্যবস্থার মাধ্যমে গ্লোবাল সাউথের দেশগুলোকে আন্তর্জাতিক শিল্প ও সরবরাহ শৃঙ্খল নির্মাণে আরও ভালোভাবে অংশগ্রহণ করাতে হবে।
বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটির আঞ্চলিক ও বৈশ্বিক শাসন উচ্চতর গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ছুই হোংচিয়ান এক সাক্ষাৎকারে বলেন: গ্লোবাল সাউথের একটি প্রতিনিধিত্বমূলক দেশ চীন। চীন অন্যান্য বিশ্বের দক্ষিণের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও শিল্প সহযোগিতা জোরদারের ক্ষেত্রে, কিংবা সবুজ ও ডিজিটাল রূপান্তর এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, প্রকৃতপক্ষে অনেক নীতি, অর্থায়ন এবং শিল্প-সংশ্লিষ্ট বিনিয়োগ করেছে।
সূত্র: জিনিয়া-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ