‘আন্তর্জাতিক অডিও-ভিজ্যুয়াল আর্টস কার্নিভাল’-এর সমাপনী অনুষ্ঠান হিসেবে, ২২ অক্টোবর শাংহাই এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক অডিও-ভিজ্যুয়াল আর্টস নাইট উদযাপিত হয়েছে। চীনের কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র মহাপরিচালক শেন হাই সিয়োং, শাংহাই শহরের মেয়র চু চং মিং, এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেতার ইউনিয়নের মহাসচিব আহমেদ নাদিম অনুষ্ঠানে ভাষণ দেন।
শেন হাই সিয়োং তাঁর ভাষণে বলেন, সিএমজি প্রতিষ্ঠার পর আট বছরেরও বেশি সময় ধরে, ‘৫জি+৪কে/৮কে+এআই’-এর কৌশলগত বিন্যাস অনুসরণ করে এসেছে এবং গণমাধ্যম খাতে ক্রমাগত নতুন উৎপাদনশীলতার চর্চা করে যাচ্ছে। সিএমজি ও শাংহাইয়ের মধ্যকার এই সহযোগিতা, কনটেন্ট তৈরি ও সম্পদ সমন্বয়ের ক্ষেত্রে, আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যম প্ল্যাটফর্মগুলোর শক্তিকে কাজে লাগায়।
তিনি বলেন, প্রযুক্তিগত উদ্ভাবন সাংস্কৃতিক উদ্ভাবনে সহায়তা করতে পারে এবং উন্মুক্ত সহযোগিতা পারস্পরিক শিক্ষা ও আদান-প্রদানকে উৎসাহিত করতে পারে। আর এর ফলে আরও উদ্ভাবনী শৈল্পিক ধারণা, অত্যাধুনিক প্রযুক্তিগত জ্ঞানের পরিপূরক হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে চু চং মিং বলেন, অডিও-ভিজ্যুয়াল শিল্প জনগণের কাছে অত্যন্ত প্রিয় একটি সাংস্কৃতিক বাহক এবং শাংহাইয়ের সাংস্কৃতিক পরিচিতি গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। সিএমজি-র সহযোগিতায় শাংহাই ‘আন্তর্জাতিক অডিও-ভিজ্যুয়াল আর্টস কো-ক্রিয়েশন ইনিশিয়েটিভ’ বাস্তবায়িত হবে; শাংহাইয়ের সমগ্র অডিও-ভিজ্যুয়াল শিল্প-শৃঙ্খলের উন্নয়ন ও আধুনিকীকরণে জোরালোভাবে কাজ করা হবে; এবং শহরের সাংস্কৃতিক সফট পাওয়ার বৃদ্ধি ও নাগরিকদের উন্নত জীবনের চাহিদা পূরণে আরও বেশি সহায়তা প্রদান করা হবে।
আহমেদ নাদিম তাঁর ভাষণে বলেন, বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সম্প্রচার ফেডারেশন হিসেবে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বেতার ইউনিয়ন, এতদঞ্চলের সম্প্রচার সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা গভীরতর করতে, অভিজ্ঞতা বিনিময় বাড়াতে, এবং সমন্বিত উন্নয়নকে উৎসাহিত করতে ইচ্ছুক। সিএমজি কৃত্রিম বুদ্ধিমত্তা ও আল্ট্রা-হাই-ডেফিনিশন প্রযুক্তির সমন্বয়ে, সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে এবং সাফল্য অর্জন করেছে। এবারের কার্নিভালটি শিল্পখাতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিময় মঞ্চ তৈরি করেছে, যেখানে অত্যাধুনিক সাফল্যগুলো ভাগাভাগি করা হচ্ছে এবং অডিও-ভিজ্যুয়াল শিল্পের উন্নয়নের পথ অন্বেষণ করা হচ্ছে।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ