গাজীপুরের কালিয়াকৈরে দুই কলোনিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে দুটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকার রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন দুটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে কলোনির বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গেল রাত ২টার দিকে একটি কলোনি থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পার্শ্ববর্তী আরেকটি কলোনিতে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে পুড়ে যায় দুইটি কলোনির ২৩টি ঘর ও ৫টি দোকান।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবরে রাতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।