আন্তর্জাতিক: কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।
সোমবার পাঠানো অভিনন্দন বার্তায় সি চিন পিং বলেন, চীন ও কলম্বিয়া কৌশলগত অংশীদার। ৪৬ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরিবর্তনের মধ্যেও দুই দেশের সম্পর্ক ইতিবাচক ধারায় এগিয়ে চলেছে।
তিনি বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও গভীর হয়েছে, জনগণের বন্ধুত্ব সুদৃঢ় হয়েছে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতায় ধারাবাহিকভাবে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে।
চীনা প্রেসিডেন্ট আরও বলেন, তিনি চীন-কলম্বিয়া সম্পর্কের উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন। নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে একযোগে কাজ করে বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা আরও জোরদার করতে এবং চীন-কলম্বিয়ার কৌশলগত অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করতে তিনি আগ্রহী। এর মাধ্যমে দুই দেশের জনগণ আরও বেশি উপকৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, একই দিনে চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং কলম্বিয়ার নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জোস মানুয়েল রেস্টেপো আবোন্দানোকেও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।
তথ্য ও ছবি: সিনহুয়া