কামরুল হাসান : দেশের উন্নয়ন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি। তিনি বলেছেন, বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে হলে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
শুক্রবার (১৫ মে) বিকেলে মানিকগঞ্জের মুন্নু সিটিতে নিজ রাজনৈতিক কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় বক্তব্যেকালে তিনি এসব কথা বলেন।
সভায় জেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময়, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার পিপি, ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, অ্যাডভোকেট জহীর আলম খান লোদী, গোলাম আবেদীন কায়সার, গোলাম কিবরিয়া সাঈদ,আব্দুস সালাম বাদল, নাসিরুদ্দিন আহমেদ যাদু, রফিকউদ্দিন ভূইয়া হাবু, আসাদুজ্জামান খান দোলন, কাজী মোস্তাক হোসেন দীপু,সাবিহা হাবিব, মো:আব্দুল কাদের,অ্যাডভোকেট জিন্নাহ খান, আব্দুল খালেক শুভ, সিরাজুর রহমান খান সজীবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আফরোজা খানম রিতা বলেন, “বাংলাদেশ আজ উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে। অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, পর্যটন খাত, বিনিয়োগ ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে হলে সকলকে দল-মত নির্বিশেষে দেশের স্বার্থে কাজ করতে হবে।”
তিনি অভিযোগ করেন, একটি ‘অপশক্তি’ দেশের স্থিতিশীলতা ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে নানা ধরনের ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। এসব শক্তি দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল আত্মনির্ভরশীল ও আধুনিক বাংলাদেশ গড়া। সেই আদর্শ বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি দাবি করেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের উন্নয়ন, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে যে আলোচনা চলছে, তার প্রেক্ষাপটে স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ রাখার বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামী দিনের রাজনৈতিক কৌশল ও সাংগঠনিক কার্যক্রমে তৃণমূল নেতৃত্বকে সম্পৃক্ত করার বিষয়টি বড় রাজনৈতিক দলগুলোর জন্য এখন অন্যতম অগ্রাধিকার হয়ে উঠেছে।
সভায় বক্তারা সংগঠনকে আরও গতিশীল করা, সাধারণ মানুষের আস্থা অর্জন এবং উন্নয়ন ও গণমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।