কামরুল হাসান : বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও কার্যকর, গতিশীল ও জনমুখী করতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেছেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে দায়িত্বশীলতা, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (১৩ মে) বিকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রশাসনকে আরও দক্ষ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তারাই মূল চালিকাশক্তি। স্থানীয় বাস্তবতা, জনগণের চাহিদা এবং প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয় নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
তিনি আরও বলেন, দেশের পর্যটন শিল্প, বিমান পরিবহন ব্যবস্থা এবং আঞ্চলিক অর্থনীতিকে সমন্বিতভাবে এগিয়ে নিতে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে এ খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ চলমান রয়েছে। এসব উদ্যোগের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বিত কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আফরোজা খানম বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে টেকসই করতে হলে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা অর্জনের জন্য কর্মকর্তাদের পেশাদারিত্বের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করাও জরুরি।
এসময় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ কর্মক্ষেত্রের অভিজ্ঞতা, স্থানীয় উন্নয়ন সম্ভাবনা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।