বুধবার, মে ১৩, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে গড়ে তুলতে কাজ করছে সরকার-- বিমানমন্ত্রী
  Date : 13-05-2026
Share Button

 

কামরুল হাসান : দেশের পর্যটন শিল্প ও বিমান পরিবহন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বিশেষ করে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন, বিদেশি বিনিয়োগ এবং আধুনিক বিমানসেবা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।


মঙ্গলবার (১২ মে) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান Celebi Aviation–এর প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

 

বৈঠকে বাংলাদেশের বিমানবন্দর ব্যবস্থাপনা, যাত্রীসেবার আধুনিকীকরণ, আন্তর্জাতিক মানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা এবং পর্যটন খাত সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত এইচ.ই. মি. রামিস শেন এবং মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার (এনডিসি)।


মতবিনিময় সভায় Celebi Aviation–এর প্রতিনিধিরা বাংলাদেশের বিমানবন্দরসমূহে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তারা আন্তর্জাতিক প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতে নতুন মাত্রা যোগ করার প্রত্যাশা ব্যক্ত করেন।


জবাবে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বর্তমান সরকার দেশের বিমানবন্দরগুলোকে আরও আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে নিরলসভাবে কাজ করছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতির পাশাপাশি আঞ্চলিক বিমানবন্দরগুলোকেও আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।


তিনি বিশেষভাবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিকীকরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, কক্সবাজারকে দক্ষিণ এশিয়ার অন্যতম আকর্ষণীয় পর্যটন ও এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের গ্রাউন্ড হ্যান্ডলিং ও যাত্রীসেবাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 

মন্ত্রী জানান, গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি নিয়োগের ক্ষেত্রে Celebi Aviation–এর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। একই সঙ্গে কক্সবাজার বিমানবন্দরের সম্ভাব্য কার্যক্রম ও যাত্রীসেবার উন্নয়নে একটি বিস্তারিত Concept Paper জমা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, পর্যটন খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তুরস্কের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের পর্যটন ও বিমান পরিবহন খাতকে আরও গতিশীল ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ দেশের বিমানবন্দর ব্যবস্থাপনা ও যাত্রীসেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে কক্সবাজারসহ দেশের পর্যটন কেন্দ্রগুলো আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিতি লাভ করবে এবং বৈদেশিক বিনিয়োগ ও পর্যটক আগমন আরো বহুলাংশে বৃদ্ধি পাবে।



  
  সর্বশেষ
৯ বছর পর চীন সফরে গেলেন ট্রাম্প
হরমুজ প্রণালির পাশের ৩০ মিসাইল সাইট পুনরুদ্ধার ইরানের
নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প` যাবে ঢাকায়
ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com