নেত্রকোণার কেন্দুয়ায় বজ্রপাতে এনামুল হক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেল ৩টার দিকে মাসকা ইউনিয়নের হাওরে মাছ ধরার সময় তার মৃত্যু হয়।
এনামুল হক ওই ইউনিয়নের মাসকা গ্রামের আবুল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম।
স্থানীয় লোকজন ও প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে মাসকা ইউনিয়নের হাওরে মাছ ধরার সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতে মারাত্মক আহত হন এনামুল হক। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বজ্রপাতে নিহতের ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনই বিস্তারিত তথ্য দেওয়া যাচ্ছে না। তবে বজ্রপাতে একজন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছি।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম বলেন, এরকম একটি নিউজ আমরা পেয়েছিলাম। ঘটনাস্থলে আমরা লোক পাঠানোর পর একজন নিহতের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। প্রশাসনের পক্ষ থেকে তাকে যতটুকু সাহায্য করার সুযোগ আছে আমরা করব।