রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
  
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
মহাকাশ জয়ের স্বপ্নে একসঙ্গে এগিয়ে চলা: চীনা ও পাকিস্তানি নভোচারী প্রথমবারের মতো থিয়ানকংয়ে
  Date : 28-11-2026
Share Button

২৫ নভেম্বর বিকেলে চীনা মহাকাশ স্টেশন সাক্ষী হলো নতুন ইতিহাসের। দুই চীনা নভোচারীর সঙ্গে স্টেশনের দরজায় কড়া নাড়লেন নতুন অতিথি। শেনচৌ-২৪ মহাকাশযানে চড়ে চীনা মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে পৌঁছে শেনচৌ-২৩ অভিযান দলের সঙ্গে মিলিত হন যে তিনজন, তাদের মধ্যে আছেন পাকিস্তানের মোহাম্মদ জিশান আলি। ভেতরে প্রবেশ করতেই তোলা হয় ইতিহাস রচনাকারী ছবি। সেই সঙ্গে চীন-পাকিস্তানের লৌহকঠিন বন্ধুত্ব পৌঁছে যায় নতুন উচ্চতায়।

তবে পাকিস্তানি নভোচারীর জন্য প্রক্রিয়াটা মোটেও সহজ ছিল না। অভিযান শুরুর বেশ কিছুদিন আগে থেকেই শেনচৌ-২৪ মিশনের কমান্ডার থাং হোংপো ও মহাকাশ উড্ডয়ন প্রকৌশলী উ ই-র সঙ্গে প্রশিক্ষণ নিতে হয়েছে পাকিস্তানি নভোচারী জিশান আলিকে।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি চীনা মানব মহাকাশ প্রকৌশল অফিস ও পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন আনুষ্ঠানিকভাবে ‘পাকিস্তানি নভোচারী নির্বাচন, প্রশিক্ষণ এবং চীনা মহাকাশ স্টেশন অভিযানে অংশগ্রহণ সম্পর্কিত সহযোগিতা চুক্তি’ স্বাক্ষর করে। এরপর পাকিস্তান দেশব্যাপী বাছাই প্রক্রিয়া পরিচালনা করে। কঠোর বাছাই ও মূল্যায়নের পর দুজনকে নির্বাচিত করা হয়। তাদের মধ্যে চূড়ান্ত মাপকাঠি পেরিয়ে শেষ মুহূর্তে মহাকাশের প্রবেশপত্র হাতে পান জিশান।

নির্বাচিত দুজনই পাকিস্তান বিমানবাহিনীর পাইলট ছিলেন, যা তাদের শারীরিক অবস্থা ও উড্ডয়ন কৌশলে প্রশিক্ষণের বিষয়বস্তুর সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে সাহায্য করেছে। তবে মানব মহাকাশ উড্ডয়নে পেশাগত পরিভাষা জানা ছিল তাদের প্রথম বাধা।

চীনা নভোচারী গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের লি সেন জানান, স্বল্পমেয়াদি অভিযানের জন্য সংশ্লিষ্ট মান ও প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছিল। আর সেই মান চীনা নভোচারীদের উড্ডয়ন মান অনুযায়ীই ছিল, কমানো হয়নি। অভিযানের মৌলিক প্রয়োজনীয়তা পূরণের পূর্বশর্ত হিসেবে সম্ভাব্য ত্রুটি ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়গুলো তাদের আরও শিখতে হবে। অর্থাৎ, কারিগরি যোগ্যতার ক্ষেত্রে চীনা না পাকিস্তানি নভোচারী—তা নিয়ে কোনো ছাড় দেওয়া হয়নি।

ভাষা ও পেশাগত দক্ষতার প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়ার পর, শেনচৌ-২৪-এর নভোচারীরা প্রথা অনুযায়ী উৎক্ষেপণের আগে শেনচৌ মহাকাশযানে যৌথ পরীক্ষায়ও অংশ নেন। পাশাপাশি শেনচৌ-২৪ মহাকাশযানটিও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর প্রস্তুত হয়েছে।

শেনচৌ-১৫ অভিযানের পর মানব মহাকাশ উৎক্ষেপণ অভিযান মূলত অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠিত হতো। শেনচৌ-২৪ মহাকাশযানের উৎক্ষেপণের সময় নভেম্বরের শেষ দিকে সমন্বয় করা হয়, দিনের মধ্যে তুলনামূলকভাবে কম তাপমাত্রার সময়। লং মার্চ-২এফ রকেটের প্রস্তুতিতেও সংশ্লিষ্ট সমন্বয় করা হয়েছে।

শেনচৌ-২৪ মহাকাশযানে বেশ কিছু কার্গো প্যাকেটও পাঠানো হয়েছে। নভোচারীদের জন্য তাজা খাবার এবং নতুন বৈজ্ঞানিক পরীক্ষার পেলোড রয়েছে এতে।

পাঠানো হয়েছে চীন ও পাকিস্তানের যৌথ ৪টি মহাকাশ বিজ্ঞান পরীক্ষা প্রকল্পের দরকারি জিনিসপত্র। সালোকসংশ্লেষণকারী অণুজীব সায়ানোব্যাকটেরিয়া, বিশেষ খাদ্য ফসল কুইনোয়া এবং গ্রাফিন ও কার্বন ফাইবার—এই দুই ধরনের কম্পোজিট উপাদানভিত্তিক গবেষণাও করা হবে সেখানে।

চীনা বিজ্ঞান একাডেমির মহাকাশ প্রয়োগ প্রকৌশল ও প্রযুক্তি কেন্দ্রের আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প ব্যবস্থাপক ছেন মেংইউন বলেন, মহাকাশ স্টেশনে যৌথভাবে বৈজ্ঞানিক পরীক্ষা প্রকল্প পরিচালনায় আন্তর্জাতিক সহযোগিতা, অর্থনৈতিক সুফল, সামাজিক মূল্য ও সামাজিক সুফলসহ বিভিন্ন দিক বিবেচনা করা হয়েছে। যেমন পাকিস্তান পক্ষ কুইনোয়া বীজকে অন্যতম পরীক্ষার বিষয় হিসেবে বেছে নিয়েছে। তারা আশা করছে, ভবিষ্যতে তারা পাকিস্তান অঞ্চলের জন্য উপযোগী উচ্চ পুষ্টিগুণসম্পন্ন ফসল চাষ করতে পারবে।

এই অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে অংশ নিয়েছেন পাকিস্তানি নভোচারী জিশান আলি। মহাকাশ বিজ্ঞানবিষয়ক পরীক্ষার কাজের দায়িত্ব পালন করবেন তিনি। সেই সঙ্গে মহাকাশ স্টেশনে অবস্থানকালে চীনা অভিযান দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে সংশ্লিষ্ট পেলোড পরিচালনা, তথ্য সংগ্রহ ও পরীক্ষার রেকর্ডসহ বিভিন্ন কাজ সম্পন্ন করবেন।

চলতি বছর চীনের মহাকাশ শিল্প প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী এবং চীন-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী।

চীনের মহাকাশ অভিযানের আন্তর্জাতিক সহযোগিতা নতুন স্তরে উন্নীত করেছে শেনচৌ-২৪। সেই সঙ্গে চীন ও পাকিস্তানের বন্ধুত্ব মহাকাশ পর্যায়ে কী ফল বয়ে আনে, সেটা দেখারও অপেক্ষায় আছে গোটা বিশ্ব।

সূত্র: জিনিয়া-ফয়সল-ফেই, চায়না মিডিয়া গ্রুপ



  
  সর্বশেষ
কলম্বোতে তথ্যচিত্রটির সম্প্রচার উদ্বোধন করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া
কথা দিয়ে কথা রাখাই চীন-পাকিস্তান সম্পর্কের প্রকৃত আকর্ষণ ও শক্তি: আহসান ইকবাল চৌধুরী
উৎপাদনমুখী ও ভোক্তামুখী সেবা রপ্তানি পৃথকভাবে অন্তর্ভুক্ত: বেইজিংয়ের নতুন বাণিজ্যিক রূপরেখা
মহাকাশ জয়ের স্বপ্নে একসঙ্গে এগিয়ে চলা: চীনা ও পাকিস্তানি নভোচারী প্রথমবারের মতো থিয়ানকংয়ে

প্রকাশক ও সম্পাদক : ফাতেমা ইসলাম তানিয়া
সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরেরপুল ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ।
২১৯ ফকিরেরপুল (১ম গলি ২য় তলা), মতিঝিল ঢাকা-১০০০ থেকে প্রকাশিত । মোবাইল : ০১৮৩৪-৮৯৮৫০৪ ই-মেইল :
E-mail : alordiganto2021@gmail.com