হুয়াংহো নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজ সার্বিকভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে, একটি সম্মেলন ২ নভেম্বর (সোমবার) চীনের হ্যনান প্রদেশের চেংচৌ শহরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।
নির্দেশনায় সি বলেন, সিপিসির নেতৃত্বে চীনা জনগণ ৮০ বছর ধরে হুয়াংহো নদী ব্যবস্থাপনার কাজ করে আসছে। এর ফলে, ইতিহাসে প্রতি তিন বছরে দু’বার নদীর বাঁধ ভেঙে যাওয়ার পরিস্থিতির মৌলিক পরিবর্তন ঘটেছে; হুয়াংহো নদীকে শান্ত ও নিরাপদ রাখার ক্ষেত্রে এক বিস্ময়কর সাফল্য অর্জিত হয়েছে। এটি সমাজতান্ত্রিক ব্যবস্থার উল্লেখযোগ্য সুবিধাকে সার্বিকভাবে তুলে ধরেছে।
সি চিন পিং জোর দিয়ে বলেন, নতুন যাত্রায় নতুন যুগে চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্রের চিন্তাধারার আলোকে, সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এবং ব্যবস্থাপনাকে মূল লক্ষ্য হিসেবে ধরে রাখতে হবে। পানি সাশ্রয়কে অগ্রাধিকার দেওয়া, পানিসম্পদের সুষম ব্যবহার, সামগ্রিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন পক্ষের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পানি ব্যবস্থাপনার নীতি অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, বড় পরিসরে সংরক্ষণ ও সমন্বিত ব্যবস্থাপনার কাঠামোকে ধারাবাহিকভাবে উন্নত করতে হবে; হুয়াংহো নদী অববাহিকার পরিবেশগত সংরক্ষণ এবং উচ্চমানের উন্নয়নকে এগিয়ে নিতে হবে; জাতীয় পরিবেশগত নিরাপত্তার সুরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে; হুয়াংহো নদীর দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে হবে; হুয়াংহো নদীকেন্দ্রিক সংস্কৃতির উত্তরাধিকার সংরক্ষণ ও প্রচার করতে হবে; এবং এই মাতৃনদীকে আরও সুন্দর করে তোলার পাশাপাশি, চীনা জাতির কল্যাণে এবং ভবিষ্যতের প্রজন্মের জন্য এর সুফল দীর্ঘস্থায়ী করার প্রচেষ্টা চালাতে হবে।
সূত্র: শিশির-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ