চীনের কুয়াংচৌ শহরে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) শুরু হয়েছে ১৪০তম ক্যান্টন ফেয়ার। এ বছর মেলাটির ৭০তম বার্ষিকী উদযাপন করা হচ্ছে।
প্রায় ১৫ লাখ ৫০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে আয়োজিত এ মেলা তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। চলবে ৪ নভেম্বর পর্যন্ত।
এবারের ক্যান্টন ফেয়ারে ‘নতুন, পরিবেশবান্ধব ও বুদ্ধিমান’—এই তিন উন্নয়ন প্রবণতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ব্যবসায়ীরা মেলায় অংশ নিয়ে বাণিজ্যিক আলোচনা ও সহযোগিতার সুযোগ খুঁজছেন।
বৈদেশিক বাণিজ্যের নতুন প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে এবারের মেলায় অংশ নিচ্ছে ৩২ হাজার প্রতিষ্ঠান। এর মধ্যে ১১ হাজারেরও বেশি প্রতিষ্ঠান বিশেষায়িত, উন্নত ও উদ্ভাবনী পণ্য উৎপাদনে দক্ষ; পাশাপাশি রয়েছে নিজ নিজ পণ্যশ্রেণিতে শীর্ষস্থান অর্জনকারী প্রতিষ্ঠান।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ৬৪ শতাংশ শিল্প ইন্টারনেট ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তি ব্যবহার করছে।
মেলায় নতুন পণ্য ও পরিবেশবান্ধব পণ্যের অনুপাত যথাক্রমে ২৩ দশমিক ২ শতাংশ ও ২৬ শতাংশে পৌঁছেছে, যা উভয় ক্ষেত্রেই নতুন রেকর্ড।
এবারের মেলায় ৭০০টিরও বেশি নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগের বারের তুলনায় নতুন পণ্য উন্মোচনের সংখ্যা ১৫ শতাংশ বাড়বে বলে পরিকল্পনা করা হয়েছে।
১৪০তম ক্যান্টন মেলার প্রথম পর্ব ১৫ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ‘উন্নত উৎপাদন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে। এ পর্বের প্রদর্শনী এলাকা ৫ লাখ ২০ হাজার বর্গমিটার। এতে রয়েছে ২৫ হাজারেরও বেশি প্রদর্শনী বুথ এবং ১২ হাজারের বেশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠান।
সূত্র: রুবি-ফয়সল-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ