আন্তর্জাতিক: চীন ও ভিয়েতনামের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্ব, পারস্পরিক আস্থা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থান মান। ১২ অক্টোবর বেইজিংয়ে তাঁদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে লি ছিয়াং বলেন, চীন ভিয়েতনামের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব বজায় রাখা, সংহতি ও পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং উভয় দেশের জনগণের কল্যাণে পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণে কাজ করতে প্রস্তুত।
লি ছিয়াং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং চিকিৎসা, শিক্ষা ও যুববিষয়ক সহযোগিতা আরও গভীর করার আহ্বান জানান। তাঁর মতে, এর মাধ্যমে চীন-ভিয়েতনাম বন্ধুত্বের সামাজিক ভিত্তি আরও শক্তিশালী হবে।
দুই দেশের আইনসভা যেন দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতায় সমর্থন জোগায় এবং আইনি নিশ্চয়তা ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে আরও ভূমিকা রাখে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন চীনের প্রধানমন্ত্রী।
বৈঠকে ভিয়েতনামের জাতীয় পরিষদের চেয়ারম্যান চ্যান থান মান চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করেন।
চ্যান থান মান বলেন, ভিয়েতনাম তার বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে চীনকে সর্বোচ্চ অগ্রাধিকার ও কৌশলগত পছন্দ হিসেবে বিবেচনা করে। ভিয়েতনাম এক-চীন নীতি অনুসরণে অটল এবং দুই দেশের শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য অনুযায়ী বিভিন্ন পর্যায়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবে।
সূত্র: নাহার-জেনিফার,সিনহুয়া