আন্তর্জাতিক: ১২ অক্টোবর চায়নিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি), এবং বেইজিং মিউনিসিপ্যাল কমিটি ও সরকারের যৌথ আয়োজনে, ‘নাগরিকদের অভিযোগে দ্রুত সাড়া’ শীর্ষক ব্যবস্থার ওপর দুই দিনব্যাপী বেইজিং ফোরাম বেইজিংয়ে শুরু হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য এবং বেইজিং মিউনিসিপ্যাল কমিটির সচিব ইন লি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিপিসি কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগের উপমন্ত্রী ও চায়না মিডিয়া গ্রুপের সভাপতি শেন হাই শিওং এবং চায়নিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেসের সভাপতি কাও শিয়াং উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন।
নিজ ভাষণে বেইজিং মিউনিসিপ্যাল কমিটির সচিব ইন লি বলেন, সাধারণ সম্পাদক সি চিন পিং নগর-উন্নয়নকে অত্যন্ত গুরুত্ব দেন এবং তিনি জনকেন্দ্রিক উন্নয়ন-দর্শন মেনে চলার ও ‘জনগণের জন্য জনগণের শহর’ শীর্ষক নীতি সমুন্নত রাখার কথা বলেন। সি আরও বলেন, শহরগুলোর শুধু উচ্চতাই নয়, উষ্ণতাও থাকা উচিত এবং বুদ্ধিদীপ্ত উন্নয়ন অর্জনের জন্য, আধুনিক প্রযুক্তিকে দক্ষতার সাথে ব্যবহার করার প্রয়োজনীয়তা আছে। সি’র এ কথা নগর-উন্নয়নের জন্য বৈজ্ঞানিক দিকনির্দেশনা প্রদান করে। একটি প্রাণবন্ত ও আধুনিক আন্তর্জাতিক মহানগরী হিসেবে, বেইজিং স্বাভাবিকভাবেই নগর-প্রশাসনে নানান চ্যালেঞ্জ ও সমস্যার সম্মুখীন হয়। নাগরিকদের জরুরি চাহিদা ও উদ্বেগে আরও ভালোভাবে সাড়া দেওয়ার জন্য, বেইজিং ২০১৯ সাল থেকে ‘অভিযোগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া’ ব্যবস্থা চালু করে। ১২৩৪৫ নাগরিক পরিষেবা হটলাইন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, এই ব্যবস্থা দিন-রাত ২৪ ঘণ্টা জনসাধারণের অভিযোগ বা অনুরোধ গ্রহণ করে, যা একটি ক্লোজড-লুপ ব্যবস্থা সৃষ্টি করেছে। এখন পর্যন্ত এটি প্রায় ২০ কোটি অভিযোগ নিষ্পত্তি করেছে। এই প্রক্রিয়া, বিগ ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তির ওপর নির্ভর করে নগর-শাসনকে চালিত করার মাধ্যমে, বিপুলসংখ্যক অভিযোগ থেকে উদ্ভূত সাধারণ সমস্যাগুলো আগে থেকেই অনুমান করে, নিষ্ক্রিয় প্রতিক্রিয়াকে সক্রিয় শাসনে রূপান্তরিত করে, এবং জনসিদ্ধান্ত গ্রহণকে আরও বৈজ্ঞানিক ও জনসেবাকে আরও কার্যকর করে তোলে। ভবিষ্যতে বেইজিং "অভিযোগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া" শীর্ষক ব্যবস্থার সংস্কার-কার্যক্রম আরও গভীর করবে এবং আধুনিক নগর-শাসনের বেইজিং মডেলকে আরও উন্নত করবে। জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে, আমরা জনমত প্রকাশের জন্য সুষ্ঠু পথ নিশ্চিত করব, জনগণের উদ্বেগের দ্রুত সমাধান করব, জনগণের জন্য বিনিয়োগ বৃদ্ধি করব, এবং সকল মানুষ ও তাদের সমগ্র জীবনচক্রকে অন্তর্ভুক্তকারী জনসেবা ব্যবস্থা গড়ে তুলব, এবং যৌথভাবে একটি সুরেলা ও বাসযোগ্য সুন্দর সৃষ্টি করব।
নিজের ভাষণে শেন হাই শিওং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং সাধারণ সম্পাদক সি চিন পিং-এর ‘জনকেন্দ্রিক শহর’-বিষয়ক গুরুত্বপূর্ণ ধারণা গভীরভাবে বাস্তবায়ন করেছে। ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে বেইজিং, জনগণের ঘন ঘন প্রয়োজন ও সাধারণ সমস্যাগুলো নির্ভুলভাবে শনাক্ত করেছে এবং সে-সম্পর্কে আগাম সতর্কবার্তা দিয়েছে, যা দ্রুত সাড়া প্রদান এবং যথাযথ সমাধান নিশ্চিত করে। চায়না মিডিয়া গ্রুপ বেইজিং-এর জনকেন্দ্রিক শহর নির্মাণের কেবল একজন সাক্ষী ও লিপিবদ্ধকারীই নয়, বরং একজন অংশগ্রহণকারী ও অবদানকারীও। নিজেদের ক্যামেরাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে, চায়না মিডিয়া গ্রুপ জনকেন্দ্রিক শহরের উষ্ণতাকে মানুষের হৃদয়ে পৌঁছে দেয় ও দিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে, জাতিসংঘের উপ-মহাসচিব এবং জাতিসংঘ মানববসতি কর্মসূচির নির্বাহী পরিচালক অ্যানাক্লাডিয়া রথবাখ, সায়েন্সেস পো প্যারিসের রেক্টর লুইজ ভাহিদ, এবং এথেন্সের প্রথম ডেপুটি মেয়র জর্জিও জিয়ানারোস সশরীরে উপস্থিত থেকে অথবা ভিডিওর মাধ্যমে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, নগর-প্রশাসন বিশ্বজুড়ে সরকার ও নীতিনির্ধারকদের জন্য অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে। ডিজিটাল রূপান্তর শহরগুলোকে জনসেবার মানোন্নয়ন, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি এবং জনগণের চাহিদা আরও ভালোভাবে মেটানোর জন্য বাস্তব সুযোগ করে দেয়। প্রযুক্তি তখনই সবচেয়ে মূল্যবান, যখন তা সকল মানুষের উপকারে আসে। জনগণের অভিযোগের দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে, বেইজিংয়ের সংস্কার এবং ১২৩৪৫ হটলাইনের কার্যকর পরিচালনা, বৈশ্বিক নগর-প্রশাসনে মূল্যবান অভিজ্ঞতা যোগ করেছে।
ফোরামটি একটি উদ্বোধনী অনুষ্ঠান ও মূল ফোরাম, ছয়টি সমান্তরাল ফোরাম ও চারটি স্যালন এবং একটি সমাপনী অনুষ্ঠান নিয়ে গঠিত। এতে ‘জনসাধারণের অভিযোগের তাৎক্ষণিক প্রতিক্রিয়া’ উদ্যোগকে তুলে ধরা ‘বেইজিং হটলাইন ২’ নামক তথ্যচিত্র প্রদর্শন এবং ‘ভিজিটিং ১২৩৪৫ বেইজিং মিউনিসিপ্যাল সিটিজেন হটলাইন সার্ভিস সেন্টার’ ও শহর পরিদর্শনের মতো সংশ্লিষ্ট কার্যক্রমও অন্তর্ভুক্ত করা হয়। ফোরামটি সমাজের সকল স্তরের মানুষের কাছ থেকে ব্যাপক মনোযোগ আকর্ষণ করে, যেখানে ৭০টিরও বেশি দেশ থেকে ২৩০ জনেরও বেশি আন্তর্জাতিক অতিথিসহ ৩,২০০ জনেরও বেশি অতিথি অংশগ্রহণ করেন।
সূত্র: লিলি-আলিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ