আন্তর্জাতিক: চলতি বছর চীনের চলচ্চিত্রের বক্স অফিস আয় ৩১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। ১১ অক্টোবর পর্যন্ত দেশটিতে মোট ৭৯ কোটি ১০ লাখ দর্শক সিনেমা দেখেছেন। এ সময়ে চলচ্চিত্র প্রদর্শনীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৬০ লাখে।
চলতি বছর চীনের চলচ্চিত্র বাজারে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। কমেডি, অ্যাকশন, বিজ্ঞান কল্পকাহিনি, রহস্য ও অ্যানিমেশনসহ বিভিন্ন ঘরানার চার শতাধিক চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বাজারে স্থিতিশীল প্রবৃদ্ধির ধারাও বজায় রয়েছে। পুরো চলচ্চিত্রশিল্পের বিভিন্ন পর্যায় মিলিয়ে এ বছর মোট উৎপাদনমূল্য ৪৮০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে চলচ্চিত্রকে কেন্দ্র করে সংশ্লিষ্ট শিল্পগুলোর বিকাশও গতি পাচ্ছে। ‘ফিল্ম+’ মডেলটি ক্রমেই নতুন ও বৈচিত্র্যময় রূপ নিচ্ছে।
এ বছর বক্স অফিস আয়ের শীর্ষ দশটি চলচ্চিত্রের মধ্যে আটটিই চীনা চলচ্চিত্র। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারেও চীনা চলচ্চিত্রের বিস্তার বাড়ছে। ‘দাদির প্রতি চিঠি’, ‘আট অমর’ এবং ‘একসময় মধ্যপ্রাচ্যে’র মতো চলচ্চিত্র বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্য দিয়ে চীনের গল্প পৌঁছে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তের দর্শকের কাছে।
চলতি বছরের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানের সিনেমা হলগুলো চলচ্চিত্র দেখার পাশাপাশি সামাজিক যোগাযোগ, বিনোদন ও সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। এ লক্ষ্যে আয়োজন করা হচ্ছে ‘চলচ্চিত্র+প্রদর্শনী’, ‘চলচ্চিত্র+সাংস্কৃতিক পর্যটন’ এবং ‘চলচ্চিত্র+বিজ্ঞান জনপ্রিয়করণ’সহ নানা ধরনের যৌথ কার্যক্রম। এসব উদ্যোগ চলচ্চিত্রশিল্পের সঙ্গে সংস্কৃতি, পর্যটন ও বিজ্ঞানের সংযোগ বাড়ানোর পাশাপাশি ‘ফিল্ম+’ মডেলের সমন্বিত বিকাশে নতুন গতি সঞ্চার করছে।
সূত্র: তুহিনা-ফয়সল-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ