কামরুল হাসান: দেশের স্বাস্থ্যখাতকে আরও কার্যকর, জনমুখী ও সেবাবান্ধব করতে চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও কর্তব্যপরায়ণতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের মিলনায়তনে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতকে আধুনিক ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার অন্যতম লক্ষ্য হচ্ছে জনগণকে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা। এজন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা এবং দায়িত্বশীল আচরণ রোগীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের প্রত্যাশা পূরণে স্বাস্থ্যসেবা খাতের প্রতিটি স্তরে জবাবদিহিতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।
আফরোজা খানম রিতা আরও বলেন, দেশের উন্নয়ন তখনই অর্থবহ হবে যখন সাধারণ মানুষ উন্নত চিকিৎসাসহ মৌলিক সেবাগুলো সহজে ও সুষ্ঠুভাবে পাবে। এজন্য স্বাস্থ্যখাতের সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দীন, ড্যাবের সভাপতি ডা. বদরুল আলম, সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান জিয়াসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান, ওষুধ সরবরাহ এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, হাসপাতাল পরিদর্শন এবং সেবার মানোন্নয়নে সরকারের উচ্চপর্যায়ের এমন তদারকি স্বাস্থ্যখাতে জবাবদিহিতা বৃদ্ধি এবং জনসেবার গুণগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এর আগে মন্ত্রী শিবালয় উপজেলার আমডালা,দৌলতপুর উপজেলার তালুক নগর,সাটুরিয়া উপজেলার গাজী খালী খাল খনন কার্যক্রম এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ পরিদর্শন করেন।