আন্তর্জাতিক: ১৬ এপ্রিল (বৃহস্পতিবার), চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র কুও চিয়া খুন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। জনৈক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বিশ্বজুড়ে বাড়ছে `চীনা ভাষার প্রতি আগ্রহ`, তাই বিদেশিদের চীনা ভাষা শেখার আহ্বান জানায় বেইজিং।
১৭তম `জাতিসংঘ চীনা ভাষা দিবস` উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তর ও বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠান নানা ধরনের উদযাপনের আয়োজন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে `চীনা মানুষ হওয়া` শীর্ষক ট্রেন্ডের কারণে বিশ্বজুড়ে `চীনা ভাষার প্রতি আগ্রহ` ক্রমশ বাড়ছে। এ বিষয়ে জনৈক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র এসব কথা বলেন।
মুখপাত্র জানান, এ বছর চীনা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেওয়ার ৮০তম বার্ষিকী। এ উপলক্ষে চীনের বিভিন্ন বিদেশি মিশন ও জাতিসংঘ সচিবালয় নিউইয়র্ক, জেনেভা, ভিয়েনাসহ বিভিন্ন জায়গায় চমৎকার সব অনুষ্ঠান আয়োজন করেছে। বিশ্বের অন্যতম প্রাচীন এই ভাষা যুগে যুগে পাহাড়-সমুদ্র পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটি `বৈচিত্র্যের মাঝে সম্প্রীতি` ও `শান্তিপূর্ণ সহাবস্থান`-এর মতো প্রাচ্য দর্শনকে ধারণ করে এবং জাতিসংঘের ৮০ বছরেরও বেশি সময়ের শান্তির স্বপ্নের সাক্ষী হয়ে আছে। ভাষা হলো সভ্যতার বাহন। প্রতিটি সভ্যতাই মানবসমাজের যৌথ সম্পদ, যা অপরিহার্য এবং লালন ও সুরক্ষার যোগ্য।
মুখপাত্র আরও বলেন, "আপনারা `চীনা ভাষার প্রতি আগ্রহ` বৃদ্ধির যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন, তার প্রমাণ আমরা এখানেই দেখতে পাচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে আরও বেশি বিদেশি সাংবাদিক এখন সাবলীল ও প্রাঞ্জল চীনা ভাষায় প্রশ্ন করছেন, যা প্রশংসনীয়। সমসাময়িক চীনকে উপলব্ধি করতে এবং চীনা সভ্যতা অন্বেষণের একটি মাধ্যম হিসেবে আমরা আরও বেশি বিদেশি বন্ধুকে চীনা ভাষা শিখতে স্বাগত জানাই।"
সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।