রাজধানীর মিরপুর-১০ এলাকার ফুটপাত পুনরায় দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার বিকেলে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলি।
ডিএনসিসি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখে মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করা হয়েছিল। তবে গত কয়েক দিন ধরে কিছু ব্যক্তি পুনরায় বিভিন্ন ফুটপাত দখল করে বসার চেষ্টা করেন।
বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে প্রশাসক নিজেই অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বসা হকারদের সরিয়ে দিয়ে আবারও মিরপুর-১০ এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়।
অভিযানকালে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, মিরপুরকে ফুটপাত ও অবৈধ দখলমুক্ত রাখতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, উচ্ছেদ অভিযান চলাকালে প্রশাসক মিরপুর-১০ ফুটওভার ব্রিজের সংস্কারকাজ পরিদর্শন করেন এবং কাজ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার এই কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি।